যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় চাকরিচ্যুত হয়ে এক নারীর শিরশ্ছেদ করেছে তারই এক সহকর্মী। শিরশ্ছেদকারী ব্যক্তি তার সাবেক সহকর্মীদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিচ্ছিলেন বলেও দাবি করেছেন কেউ।
একজনের শিরশ্ছেদ করে অপর এক নারীকেও একই কায়দায় হত্যা করতে চেয়েছিলেন অ্যাল্টন আলেকজান্ডার নোলেন নামের ৩০ বছর বয়সী ওই ব্যক্তি। তবে, প্রতিষ্ঠানটির মালিক গুলি করে আহত করে তাকে নিবৃত্ত করেন।
ওকলাহোমার মুরি এলাকার ভন ফুডস ডিস্ট্রিবিউশন প্লান্টে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মুরি এলাকাটি ওকলাহোমা শহর থেকে ১০ মাইল দক্ষিণে অবস্থিত।
জানা গেছে, ওইদিন নোলেনকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি বাইরে যান এবং একটু পরে আবার অফিসে প্রবেশ করে সহকর্মী কলিন হাফোর্ডের (৫৪) ওপর হামলা চালান। এ সময় নোলেন তার মাথায় ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করেন এবং মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
এরপর একই ছুরি দিয়ে আরেক সহকর্মী ট্র্যাচি জনসনের (৪৩) ওপর হামলা চালান নোলেন। এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ভন হামলাকারীকে গুলি করলে প্রাণে বেঁচে যান ট্র্যাচি। পরে নোলেন ও ট্র্যাচিকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, চাকরিচ্যুতির কারণে অপ্রকৃতিস্থ হয়েই হামলা চালান নোলেন। এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এ হামলার বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





