ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আতশবাজির আগুনে দগ্ধ হয়েছেন আরো ২০ জন।

বুধবার উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অবস্থা গুরুতর। যার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, আতশবাজি বানাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই দিন সকালে রাজ্যের রউরকেল্লায় একটি বাজির দোকানে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। এতে আহত হয়েছেন আরো ৫ জন।

ভারতে হিন্দুদের দিওয়ালি উৎসবকে ঘিরে বৃদ্ধি পায় আতশবাজি কেনা-বেচা। সেইসঙ্গে চাহিদা মেটাতে দোকান বা কারখানায় আতশবাজি বানানোর ধুম পড়ে।

দেওয়ালির সন্ধ্যাবেলায় ভারতজুড়েই কোটি কোটি টাকা মূল্যের বাজি পোড়ানো হয়। অতিমাত্রায় শব্দ দূষণ ও দুর্ঘটনা থেকে সতর্কতাবশত এ বছর ভারতের সুপ্রিম কোর্ট রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় বাজি বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে।

পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টও দেওয়ালীর সন্ধ্যাবেলায় মাত্র তিন ঘণ্টা বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে। মুম্বাই হাইকোর্ট আবাসিক এলাকায় বাজি বিক্রি নিষিদ্ধ করেছে।
জেড