যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা, নির্যাতন, জ্বালাও পোড়াও, ধর্ষণ, লুট ও গণহত্যা বিশ্বে সর্বকালের জঘন্যতম ঘটনা।
সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর এ নির্যাতন মানবতাবিরোধী অপরাধ। কিন্তু বিশ্ব বিবেক আজ চুপ।
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহারে হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে। নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তিনি।
নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ২৩ ডিসেম্বর জুমাপূর্ব বিশেষ ওয়াজ মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী বলেন, মিয়ানমারে গত অক্টোবর থেকে চলা সেনা অভিযানে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে, হাজারো বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। সহিংসতায় বহু লোক নিহত হয়েছেন। প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।
আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ সকল বৃহৎ রাষ্ট্রকে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের সহযোগিতা এবং এই সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারিদের জন্যে পর্যাপ্ত ত্রাণ সহাতারও দাবি জানান।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
পরে আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারীর ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, আল্লামা ড. সাঈদ আল এরশাদ বোখারী আগামী আরো তিন জুমায় বাংলাবাজার জামে মসজিদে বিশেষ ওয়াজ ও জুমার নামাজে ইমামতি করবেন বলে জানিয়েছেন আলহাজ গিয়াস উদ্দিন। ওই তিন জুমায় দুপুর ১২টা থেকে বিশেষ ওয়াজ শুরু হবে।
সাখাওয়াত/এমবি





