ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকা ডুবে পাঁচজন নিহত ও ৩৫ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির এক কর্মকর্তা।
রোববার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাতোতি সুচরিতা বলেছেন, ওই নৌকায় ৬১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫০ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য। তারা সবাই ভারতীয় নাগরিক।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। সুচরিতা বলেন, লাইফ জ্যাকেট পরা ১৪ ব্যক্তিকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।
অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদের ২৩৬ মাইল পূর্বে পূর্ব গোদাবরী জেলার কাচুলুরু গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। ওই নৌকাটি সিনগানাপল্লী থেকে জনপ্রিয় পর্যটনস্থল পাপিকোন্ডালুতে যাচ্ছিল।
সুচরিতা বলেন, এই নদীতে সাম্প্রতিক বন্যার কারণে এই রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু ডুবে যাওয়া নৌকাটি কিভাবে পর্যটকদের নিয়ে সেখান দিয়ে যাতায়ত করছিল তা এখনও স্পষ্ট নয়। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শুধু পর্যটকই নয় গোদাবরী নদীর তীরে বসবাস বিভিন্ন গ্রামের মানুষজন পারাপারের জন্য নৌকা ও ফেরির ওপর নির্ভরশীল। ২০১৮ সালের মে মাসে এ ধরনেরই একটি নৌকাডুবির ঘটনায় ৩০ জন নিহত হয়েছিল।
এএস





