হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিককে ৪০ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সাজাপ্রাপ্ত ঐ নাগরিকের নাম মাহফুজ হক (৪৭)।
সোমবার স্টুবেনের কান্ট্রি সুপিরিয়র কোর্টের বিচারক উইলিয়াম ফি এ রায় দেন। ২৫ বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল।
কী ঘটেছিল?
হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ১৯৮৯ সালের ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামিল্টনে। তৎকালীন ২২ বছর বয়সী মাহফুজের প্রেমিকা ক্রিস্টিন মুটজফেল্ড তাকে ছেড়ে টড কেলি (১৯) নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়েন। কিন্তু বিষয়টি মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকার নতুন প্রেমিককে খুন করতে ওই দিন হ্যামিল্টনে কেলির বাড়িতে যান তিনি।ঘটনার দিনই ছুরিকাঘাতে নিহত কেলির লাশ দেখতে পান ক্রিস্টিন। এরপর ওই বছরেরই নভেম্বরে মাহফুজের বিরুদ্ধে হত্যা ও হত্যার হুমকি দেওয়ার অপরাধে মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে চলে আসেন মাহফুজ। এরপর তার আর কোনো খোঁজ না পাওয়ায় আসামি ধরার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের পুলিশ। কিন্তু ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে টেনিস ক্যাম্পে যোগ দিলে সেখান থেকে তাকে আটক করা হয়।এরপর থেকে তার বিরুদ্ধে করা মামলাটি আবার নিয়মিত হয়।
তবে আদালতে খুনের বিষয়টি প্রমাণিত হয়নি। যে দিন হত্যাকাণ্ড ঘটে সেদিন মাহফুজকে কেলির বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া অন্যান্য তথ্যে তার বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত ও হত্যার হুমকি দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৪০ বছরের জেল। সূত্র: এপি।

ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই