ভারতের প্রধানমন্ত্রী বিদেশি শিল্প উদ্যোক্তাদের ভারতে তাদের পণ্য উৎপাদনের আহবান জানিয়ে তার ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযান শুরু করেছেন।

বিশ্বজুড়ে শিল্প উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির আহবান, পণ্য যে বাজারেই বিক্রি হোক, কিন্তু উৎপাদন হবে ভারতেই। দেশের উৎপাদন ক্ষেত্র চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। কর্মসংস্থানের ক্ষেত্রে এই অভিযান বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশী পুঁজি আকৃষ্ট করতে আরো জোর দেয়ার আহবান জানান তিনি।

স্বাধীনতা দিবসের ভাষণে এই অভিযানের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। তার দেড় মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচার অভিযান।

উদ্বোধনী অনুষ্ঠানে মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সাইরাস মিস্ত্রি, সুরেশ রুইয়াসহ দেশের অনেক বিশিষ্ট শিল্পপতি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমাদের বিশ্বকে ভারতে আসার আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। আমাদের শুধু দরকার তাদের আমাদের ঠিকানা দেয়া।’

তিনি বলেন, ‘ভারতই বিশ্বে একমাত্র দেশ যার গণতন্ত্র, জনসংখ্যাগত লাভ ও চাহিদার শক্তি রয়েছে।’

ভারত ইতোমধ্যে প্রতিবছর দেশের কর্মসংস্থান বাজারে আগত লাখ লাখ নাগরিকের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার জন্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিধি-বিধান শিথিল করেছে।

নরেন্দ্র মোদি দেশে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসের অঙ্গীকার করেছেন।

বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অটোমোবাইল থেকে পর্যটনসহ পঁচিশটি ক্ষেত্র চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র্র্র মোদি আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হচ্ছেন। পাঁচদিনের সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। রাজনৈতিক এবং শিল্পমহলের সঙ্গে বৈঠক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের সমাবেশেও যোগ দেবেন নরেন্দ্র মোদি।

সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন মোদি। তার আগে বৈঠক করবেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান-কি-মুনের সঙ্গে। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রধানমন্ত্রীর জন্য রাজকীয় অভ্যর্থনার আয়োজন করা হয়েছে ইন্দো-আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে।

উনত্রিশ সেপ্টেম্বর তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। শিল্প-বিনিয়োগ-বিজ্ঞান- প্রযুক্তি-প্রতিরক্ষাসহ একাধিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সঙ্গেও দেখা করবেন মোদি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ