ইরাকের আনবার প্রদেশে আল-কায়েদার বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে ফাল্লুজা ও রামাদি শহরে অনন্ত ৫০ জন নিহত হয়েছে।
ইরানের প্রেস টিভির বরাত দিয়ে রেডিও তেহরান জানিয়েছে, শনিবার থেকে এ অভিযান শুরু হয়েছে। এতে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে পুলিশ এবং সরকারপন্থী গেরিলারা। এই অভিযান চলেছে রামাদির মালাত, ধুবাত ও স্ট্রিট সিক্সটিতে।
অভিযানে অন্তত ৩৫ জন আল-কায়েদার সদস্য নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় উত্তর ফাল্লুজায় বিমান হামলা চালানো হয়েছে এবং সেখানে নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন সন্ত্রাসী।
আল-কায়েদার হাত থেকে ইরাক সরকার ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার জন্য এ অভিযান শুরু করেছে। সূত্র: আইআরআইবি