মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ খুঁজে পাওয়া নিয়ে আবার আশার আলো দেখাদিয়েছে। সেই খোজেঁ বৃহস্পতিবার উদ্ধারকারী একটি দল পৌঁছেছে ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের দ্বীপ লি রিইউনিয়নে। সেখানে খুঁজে পাওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখবে তারা। স্থানীয়দের ধারণা, ওই ধ্বংসাবশেষ মালয়েশিয়ার বিধ্বস্ত বিমান এমএইচ ৩৭০ এর অংশ হতে পারে। খবর এএফপি।

খবরে জানানো হয়, গতকাল বুধবার সমুদ্রসৈকত পরিষ্কার করার সময় ছয় ফুট লম্বা বিমানের ওই ধ্বংসাবশেষ পাওয়া যায়। এটি বিমানের পাখার অংশ হতে পারে। এই ধ্বংসাবশেষ নিয়ে আশার আলো দেখছে মালয়েশিয়া ও বিভিন্ন দেশ। আশা করা হচ্ছে, এবার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ রহস্যের সমাধান হবে। তবে মালয়েশিয়া সরকার ও বিমানবাহিনী এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে সতর্ক করেছে।

ফ্রান্স, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সরকার ধ্বংসাবশেষটির উৎস খোঁজার চেষ্টা করছে। আজকের মধ্যে মালয়েশিয়া রিইউনিয়ন দ্বীপে বিশেষজ্ঞ দল পাঠাতে পারে।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিওং লাই সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষটি এমএইচ ৩৭০ এর কি না, তা ভালোভাবে যাচাই করে দেখতে হবে। শিগগিরই এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ার উপপরিবহন মন্ত্রী আব্দুল আজিজ কাপরাউই বলেন, উদ্ধারকারী দলটিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল বিভাগ ও মালয়েশিয়া এয়ারলাইনসের বিশেষজ্ঞরা থাকবেন। তিনি বলেন, আশা করছি দু-একদিনের মধ্যে এ ব্যাপারে সব তথ্যপ্রমাণ পাওয়া যাবে।

২৩৯ জন আরোহী নিয়ে দক্ষিণ চীন সাগরে কুয়ালালামপুরে থেকে বেইজিংগামী বিমানটি নিখোঁজ হয়। এরপর বিমানটি আর কোনো খোঁজ মেলেনি। মালয়েশিয়া সরকার জানুয়ারি মাসে বিমানের সব আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

লি রিইউনিয়ন দ্বীপের এক প্রত্যক্ষদর্শী বলেন, দেখে মনে হয় বিমানের ওই ধ্বংসাবশেষটি দীর্ঘদিন পানির নিচে ছিল।

এমএইচ ৩৭০ এ থাকা আরোহীদের স্বজনেরা বলেন, তাঁরা স্থির সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবেন। আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। নিখোঁজ বিমানের কেবিন ক্রু প্যাট্রিক গোমেজের স্ত্রী জ্যাকুইটা গনজালেস বলেন, এখনো মনে হয় কোথাও না কোথাও স্বামী বেঁচে আছেন। যদি জানতে পারি যে উদ্ধার পাওয়া অংশটি মালয়েশিয়ার বিধ্বস্ত বিমানের, তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এএইচ