দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের কার্যালয় স্বীকার করল, এ বছর তাঁর আফ্রিকা সফরের সময় এ দপ্তর থেকে সাড়ে তিন শর বেশি ভায়াগ্রা কেনা হয়েছিল। তবে তা কোনো যৌন সক্ষমতাহীন ব্যক্তির উত্তেজনা সৃষ্টির জন্য কেনা হয়নি। ভ্রমণের সময় সম্ভাব্য অতি উচ্চতাজনিত অসুস্থতা যাতে না হয়, সে জন্যই সেগুলো কেনা হয়েছিল।
পার্ক জিউন-হাইয়ের কার্যালয়ের মুখপাত্র জাং ইউন কুক ভায়াগ্রা কেনার কথা আজ বুধবার স্বীকার করেন। এমন সময় এই বিতর্কিত বিষয় নিয়ে প্রেসিডেন্টের দপ্তর থেকে স্বীকার করা হলো, যখন প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্টের বন্ধু চোই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করেছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে ভায়াগ্রা কেনা হয়েছিল, এমন সংবাদ প্রচারের পর দক্ষিণ কোরিয়ার প্রধান অনলাইন সংবাদ পোর্টালে ভায়াগ্রা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দে পরিণত হয়েছে।
ভায়াগ্রা মূলত যৌন উত্তেজনা সৃষ্টিতে ব্যবহার করা জনপ্রিয় ওষুধ। তবে অতি উচ্চতার কারণে ফুসফুসে পানি জমে যাওয়ার সমস্যার জন্য এর ব্যবহার রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর ব্লু হাউস থেকে ৩৬৪টি ভায়াগ্রা কেনা হয়েছিল। বিরোধী ডেমোক্রেটিক পার্টির এমপি কিম স্যাং হি এ অভিযোগ করেছিলেন।
বিরোধীদলীয় এমপির এই দাবির পরিপ্রেক্ষিতেই আজই প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, গত মে মাসে ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডা সফরের সময় অতি উচ্চতাজনিত সমস্যার জন্য জিনিসটি কেনা হয়েছিল। কার্যালয়ের মুখপাত্র জাং ইউন কুক বলেন, ‘এগুলো কেনা হয়েছিল। তবে তা ব্যবহার করা হয়নি।’
জারিফ





