ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিকাংশ এলাকায় সোমবার ৭ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। জাতিসংঘ পরিচালিত স্কুলে রবিবার মারাত্মক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে একতরফা এ অস্ত্রবিরতির ঘোষণা দিল ইসরাইল। এ খবর প্রকাশ করেছে এএফপি।
গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল স্কুলটি। রবিবার ওই স্কুলটিতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হন।
স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে রাফার পূর্বাঞ্চল ছাড়া গোটা গাজা এলাকায় ৭ ঘণ্টার মানবিক অস্ত্রবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা উপস্থিত আছে ও ওই এলাকায় সংঘাত চলছে।
এ অস্ত্রবিরতি ভঙ্গ করা হলে আবার বেসামরিক নাগরিক ও হামাসের সদস্যদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামাস রকেট হামলা চালাচ্ছে অভিযোগ তুলে গত ৮ জুলাই থেকে ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে গাজায় হামলা শুরুর পর ৬ষ্ঠবারের মতো গাজায় অস্ত্রবিরতির ঘোষণা দিল ইসরায়েল।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলায় নিহতের বর্তমান সংখ্যা ১৭৫৫ ছাড়িয়ে প্রায় ১৮০০ জনে পৌঁছেছে। নিহতদের এক তৃতীয়াংশই ছিল শিশু ও নবজাতক। আহত হয়েছে প্রায় ৯ হাজার ২শ।
এর আগে ইসরাইল নিজেই যুদ্ধ-বিরতি ঘোষণা করে। দু'ঘন্টার মধ্যে তা আবার নিজেরাই লঙ্ঘন করে। এর পরপরেই হাসপাতাল ও জাতিসংঘের স্কুলে হামলা চালায়।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





