ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের বরাতে প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

কমান্ডার মোহেব্বি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধের আগে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল। বর্তমানে সেখানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই।

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত কমেছে।

ইরানের বিরুদ্ধে আবার কোনো সামরিক হুমকি এলে এর প্রভাব শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক করেন আইআরজিসির এই মুখপাত্র।

তার দাবি, বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎকেন্দ্রসহ আমেরিকান ও অন্যান্য দেশের বিভিন্ন ব্যবস্থা এবং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বৈশ্বিক অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।

কমান্ডার মোহেব্বি বলেন, একাধিক রণাঙ্গনে একসঙ্গে যুদ্ধ করার সক্ষমতার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল গড়ে উঠেছে। ইরানের সঙ্গে যুদ্ধে অস্ত্র ও সামরিক সক্ষমতা কমে যাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া ও চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্র চাপের মুখে পড়তে পারে।

তবে পারস্য উপসাগরে বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই—আইআরজিসি মুখপাত্রের এই দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এস