জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হিরোশিমায় গত সপ্তাহের ব্যাপক ভ’মিধসের ঘটনায় সোমবার সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। জাপানের পশ্চিমাঞ্চলীয় এ নগরীতে দুর্যোগের পর সেখানকার অবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
হিরোশিমা পুলিশ জানায়, ভয়াবহ এ ভ’মিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এতে এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। ভ’মিধসে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়লে এসব লোক প্রাণ হারায়।
সৈন্যসহ প্রায় তিন হাজার উদ্ধারকর্মী নগরীর উপকণ্ঠে বিভিন্ন স্থানে কাদামাটি ও ধ্বংসস্তুপ সরানোর কাজ অব্যাহত রেখেছে। তবে ওই অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় সেখানে আরো ভ’মিধসের আশংকায় তাদের উদ্ধার তৎপরতা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে।
অ্যাবে বলেন, এক্ষেত্রে ‘সরকার স্থানীয় কর্র্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করতে চায়।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের যতদ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনীয় সবকিছু করবো।’
সোমবার ১ হাজার ৬শ’ জনের বেশী লোককে বিভিন্ন বিদ্যালয়, হল ও সরকারি ভবনে নেয়া হয়েছে।
হিরোশিমা নগরীর এক কর্মকর্তা জানান, ভারি বর্ষণ শুরু হলে আবারো উদ্ধার তৎপরতা স্থগিত করা হতে পারে। তিনি বলেন, ‘আমরা ঘনিষ্ঠভাবে সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
অ্যাবের রোববার ঘটনাস্থল পরিদর্শনের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছিল। সূত্র: এএফপি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





