জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যরা তাদের নাগরিকরা যাতে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সাথে যুক্ত না হতে পারে সে সম্পর্কিত এক প্রস্তাবনায় একমত হয়েছে।

এ প্রস্তাবে বলা হয়েছে, কোনো দেশ থেকে আইএস যেন জিহাদি সংগ্রহ করতে না পারে, সেজন্য জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলো ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার বিবিসি অনলাইন সংস্করণের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, সব রাষ্ট্রের উচিত জিহাদি সংগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের অর্থ সহায়তা না করা।

আইএসের ‘মৃত্যুজাল’ বিনষ্ট করতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে বলে ওবামা আহ্বান জানান। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর যুদ্ধবিমান আইএসের চিহ্নিত অবস্থানে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে। আইএসের দখল করা তেলক্ষেত্রও এ হামলার লক্ষ্যে রয়েছে।

নিরাপত্তা পরিষদে আইএস-বিরোধী প্রস্তাবটি প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র। ‘বিদেশি সন্ত্রাসী যোদ্ধাবিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব ২১৭৮’ হিসেবে প্রস্তাবটি নথিভুক্ত হয়।

এদিকে নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য-দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সব ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে জাতিগুলোকে ব্যবস্থা নিতে হবে। ‘ঘৃণা’ ও ‘যুদ্ধ’ উসকে দেয়- এমন সব বিষাক্ত আদর্শ থেকে জাতিকে মুক্ত রাখতে হবে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর