ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় আসামের বরপেটা জেলার পাটচিকুচি থেকে নাজিমুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তিনি স্থানীয় ভবানীপুর কারিগরি মাদরাসার অধ্যক্ষ বলে জানানো হয়েছে। আসাম পুলিশের বিশেষ অভিযান দলের সহায়তায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাকে গ্রেফতার করে।

বিস্ফোরণের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহানুর আলমের দেয়া তথ্যে নাজিমুলের সন্ধান পায় এনআইএ।

এনআইএর দাবি, আসাম থেকে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরক নিয়ে আসার কাজে নাজিমুল জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ২ অক্টোবর বর্ধমান জেলা শহরের অদূরে খাগড়াগড়ে বিস্ফোরণে জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য নিহত হন। বিষয়টি তদন্ত করছে এনআইএ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন গ্রেফতার হয়েছেন।

এআর