পাকিস্তানের বাচা খান ইউনিভার্সিটিতে তীব্র গোলাগুলি হচ্ছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী দুইজনসহ ২০ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় ছাত্র-শিক্ষক ও নিরাপত্তাকর্মীসহ অন্তত অর্ধশত। ‘ইদি ভলেন্টারদের’ সূত্র দিয়ে খবর প্রচার করছে ‘ডন’ ও আলজাজিরা।
ডন জানায়, বিশ্ববিদ্যালয়টির ভিতরে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।

ওদিকে রেসকিউ ১১২২-এর সূত্রগুলো বলছেন, আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চারসাদ্দার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে। শহরের প্রতিটি হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।
খাইবার পখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের সদস্য আরশাদ আলী বলেছেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে। ঘটনাস্থলে সেনা কন্টিনজেন্ট পৌঁছেছে বলে জানিয়েছেন চারসাদ্দা থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ফজল শাকুর। তিনি বলেছেন, এখনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলাগুলি চলছে।
রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি চারসাদ্দার ডিএসপিকে উদ্ধৃত করে বলছে, অস্ত্রধারী তিনজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেই গুলি শুরু করেছে।

সেখানে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির ছবিও প্রচার করছে এই টেলিভিশন। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এক নারী ফোনে বলেছেন, এখনও সেখানে তীব্র গুলি হচ্ছে। তিনি সাহায্য চেয়ে চিতকার করছেন। তবে কারা কি উদ্দেশে এ হামলা চালাচ্ছে তা জানা যায় নি।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এর আগে নিরাপত্তা রক্ষীরা আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময়ে আটক করা হয় চার জনকে। উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক।
এআই





