ক্ষতিকর মাদকদ্রব্য হিসেবে বিশ্বের অধিকাংশ দেশে গাজা চাষ, বাজারজাতকরণ ও সেবন নিষিদ্ধ। কিন্তু উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশে এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে চিকিৎসা ও প্রমোদের জন্য গাজা বৈধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে একের পর এক রাজ্যে গাজার বৈধতা দেওয়া হলেও বড় কোনো করপোরেট প্রতিষ্ঠান এর ব্যবসা নিয়ে আগ্রহ দেখায়নি। কিন্তু সফটওয়্যার উৎপাদনে বিশ্বের শীর্ষ করপোরেট কোম্পানি এবার গাজার ব্যবসায় নাম লিখিয়েছে। তারা এমন সফটওয়্যার তৈরি করছে, যা দিয়ে ‘বীজ থেকে গাজা বিক্রি পর্যন্ত’পুরো বিষয়টি তদারক করা সম্ভব হবে।

গাজার উৎপাদন ও বিক্রয় তদারক করার জন্য একদম নতুন ধরনের সফটওয়্যার তৈরি করছে মাইক্রোসফট। চিকিৎসা এবং আমোদ-প্রমোদের জন্য যেসব রাজ্যে গাজাকে বৈধতা দেওয়া হয়েছে, সেসব রাজ্যে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন গাজাসেবী এবং উৎপাদনকারীরা।

গাজার ব্যবসার প্রসারে বড় প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার নজির নেই। এ ছাড়া এ ব্যবসা বিশ্বজুড়ে নিন্দিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার গাজাকে বৈধতা দেয়নি। কিন্তু রাজ্যগুলো যখন গাজার বৈধতা দিচ্ছে, তখন বড় প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে- এটি স্বাভাবিক।

যুক্তরাষ্ট্রের আরো অন্তত পাঁচটি রাজ্যে গাজার বৈধতা দেওয়া নিয়ে ভোট হতে চলেছে। এরমধ্যে রয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এফএফ