ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পরবর্তী আলোচনা আগামী ১৮ ফেব্রুয়ারি ভিয়েনায় অনুষ্ঠিত হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে পরবর্তী আলোচনার তারিখ ও স্থান নির্ধারণের খবর নিশ্চিত করেছে।
শুক্রবার আলোচনাকালে তেহরান ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কুটনীতিকরা পরবর্তী এ আলোচনার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।
গত নভেম্বরে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তি অনুযায়ী ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানির সাথে সম্মত হয়েছে যে, তেহরান তাদের পরমাণু কর্মসূচি উন্মুক্ত করবে।
এর বিনিময়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ক্রমবর্ধমান কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। ইরানের বিরুদ্ধে কঠোর এই নিষেধাজ্ঞা আরোপের ফলে তেহরানের অর্থনীতির অনেক ক্ষতি হয়।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন বলেন, তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জাফরির সঙ্গে আলোচনায় আগ্রহী।
উল্লেখ্য, অ্যাস্টোন ইরানের সাথে আন্তর্জাতিক পারমাণবিক আলোচনার নেতৃত্ব দেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি ভিয়েনায় অনুষ্ঠেয় পরবর্তী আলোচনার ব্যাপারে কথা বলতে গিয়ে অ্যাস্টোন আরো বলেন, ‘আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই





