তীব্র তাপপ্রবাহে গত এক সপ্তাহে ভারতের ওডিশা রাজ্যে প্রায় ৩০ জন মারা গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছরের এপ্রিল মাস গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম। এ বছর আরও বেশি গরম পড়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরমের কারণে স্কুল বন্ধ। পানির অভাবে আইপিএলের ম্যাচও মহারাষ্ট্র থেকে অন্য রাজ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ভারতে কিছু কিছু এলাকায় তীব্র খরা ও পানি সংকটের কারণে এ বছরের গ্রীষ্ম সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকার বলেছে, দেশে প্রধান ৯১টি জলাধারে পানির জমার পরিমাণ গত ১০ বছরের মধ্যে ২৩ শতাংশ কমেছে। ওডিশা রাজ্যের কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের তাপমাত্রা এই সপ্তাহে ইতিমধ্যে ৪৫ ডিগ্রি স্পর্শ করেছে। রাজ্যে সরকার ওডিশার সব স্কুল ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। খাবার পানি সরবরাহের জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

তেলেঙ্গানা সরকার রাজ্যের রাজধানী হায়দরাবাদ ও অন্য কয়েকটি স্থানে বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করেছে। গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে এই রাজ্যে ৩৫ জন মারা গেছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, মহারাষ্ট্রের মারাথওয়াড়া এবং বিদর্ভ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকায় তাপপ্রবাহের আশঙ্কা আছে। বেসরকারি একটি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সংস্থা স্কাই মেট-এর বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে আগামী দুই দিনে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

কর্ণাটক রাজ্যটিকে প্রথম খরাপীড়িত রাজ্য ঘোষণা করা হয়েছে। এ রাজ্যের প্রায় ৫০০টি গ্রামে এখন ট্যাংকার দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। মহারাষ্ট্রের খরা এলাকায় রাজ্য সরকার বিশেষ ট্রেনের সাহায্য পানি সরবরাহ করছে। খরার কারণে গতকাল বুধবার বম্বে হাইকোর্ট আইপিএলের ১৩টি ম্যাচ মহারাষ্ট্র থেকে অন্যত্র সরিয়ে নিতে বলেছে।

এআই