ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের ভিত্তিহীন অভিযোগ তোলার অভ্যাস থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান মুখপাত্র কাজী খলিলুল্লাহ।
তিনি বলেন, ভারতের এ ধরনের অভ্যাস এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ দূর করার সহযোগিতামূলক প্রচেষ্টার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ কেবলমাত্র ভারতের সমস্যা নয়, এটি সামগ্রিকভাবে পাকিস্তান এবং সারা বিশ্বের সমস্যা। সংবাদ ব্রিফিংয়ে সন্ত্রাসবাদ নিয়ে ফ্রান্স ও ভারতের বিবৃতি প্রসঙ্গেও কথা বলেন কাজী খলিলুল্লাহ।
তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তান ব্যাপক আত্মত্যাগ করেছে। বিশ্বকে নিরাপদ করার জন্যেই এ আত্মত্যাগ করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্বের দেশগুলো পাকিস্তানের এ তৎপরতার প্রশংসা করেছে।
পাক-ভারত দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকের তারিখ চূড়ান্ত করার জন্য দু দেশের সচিবরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছেন।
অবশ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী মাসে এ বৈঠক হতে পারে। তবে দুই পক্ষের কেউই এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি।
এসএইচ





