অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে তা সব নাগরিককে বিনামূল্যে দেওয়া হবে। 

এ জন্য বৃটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তিও করেছে অস্ট্রেলিয়া।

স্কট মরিসন বলেন, এস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির ফলে টিকাটি বাজারে আসার শুরুতেই পাবে অস্ট্রেলিয়া। দেশের ২ কোটি ৫০ লাখ জনগণের জন্য এই টিকা দেওয়া বাধ্যতামূলক করা হবে।

করোনার টিকার দৌড়ে যে ৫ টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ডের এই টিকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকা যৌথভাবে টিকাটি তৈরি করছে। এটি ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। শিগগিরই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

আজ (১৯ আগস্ট) বুধবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনায় ৪৫০ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার মানুষ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সবচেয়ে বেশি করোনা রোগী।

করোনার বিস্তার ঠেকাতে ভিক্টোরিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেখানে কড়া লকডাউন মানা হচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (১৯ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৬৯৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৩ জনের।

বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৯ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮১ হাজার ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৯৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু-উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৮৮ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৪০ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২০০ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি