logo
Search

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এসব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে।

টাইমনিউজবিডি ডেস্ক

ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শর্তগুলো পাঠানো হয়েছে।

সূত্রগুলোর দাবি, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ চালুর বিষয়ে যে সমঝোতা হয়েছে, সেটিকে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। হরমুজ কবে খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং ইরানের পরবর্তী মূল্যায়নের ওপর।

ইরান-ওমানের নতুন নৌপথের সমঝোতা

হরমুজ প্রণালি দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

প্রস্তাবিত নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে উপসাগরীয় দেশগুলোকে এ বিষয়ে অবহিত করা হতে পারে।

তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওমানের সঙ্গে এই সমঝোতার অর্থ তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির বড় একটি অংশ এই নৌপথ ব্যবহার করে।

হরমুজে পৃথক জাহাজে হামলার খবর

এর মধ্যেই রোববার ভোরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হেংগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী শিব দেরাজ উপকূলের কাছে ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। কেশমের গভর্নর আমির তাইমুরি দাবি করেছেন, এটি যুক্তরাষ্ট্রের হামলা। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে জাহাজটির পরিচয় এবং হামলার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আরেকটি জাহাজ অজ্ঞাত একটি অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

পৃথক এসব ঘটনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

তথ্যসূত্র: সামা টিভি

এনএইচ