পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ইতিহাসের অন্যতম একটি (ট্রাম্প-কিম) বৈঠক হয়ে গেলেও এর কোনো ফিডব্যাক পাচ্ছে না বিশ্ব। পাশাপাশি বৈঠকের পরপরই কেউ কারো কথা শুনছেও না এবং রাখছেও না।
যুক্তরাষ্ট্র কয়েকবার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। এক সিনিয়র মার্কিন কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। কিম জং উনের সরকার এসব প্রস্তাবকে ‘গ্যাংস্টার’ বলে উল্লেখ করেছে।
আবার যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করা এবং শেষ করার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে। কিন্তু এগুলোর কোনোটিই গ্রহণ করেনি উত্তর কোরিয়া।
সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন রকেট গতিতে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু তা এখন রকেটের গতিতেই পৃথিবীতে পড়ে গেছে। গত ১২ জুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উন বৈঠক করলেও পরমাণু নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা উল্লেখ করেননি তারা। তাদের মধ্যকার সব অঙ্গীকারই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ না নেয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। আর উত্তর কোরিয়া বলছে, পরমাণু নিরস্ত্রীকরণে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। আর কোনো পদক্ষেপ নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
কূটনৈতিক সূত্র দাবি করেছে, কিম জং উন বলেছেন, তারা পরমাণু নিরস্ত্রীকরণে আরো পদক্ষেপ নেবেন, তবে তার আগে যুক্তরাষ্ট্রকে শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া তারা অগ্রসর হবেন না।
জেড





