[b]যুক্তরাষ্ট্র:[/b] তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। এতে বন্ধ হয়ে গেছে বিমানের হাজার হাজার ফ্লাইট। ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এরই মধ্যে প্রবল শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবাণী করেছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে। ঠাণ্ডা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দ্র থেকে সরকারি চাকরিজীবীদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। ফলে ওয়াশিংটনকে অত্যন্ত শান্ত, স্থির শহর বলে মনে হচ্ছে।
রাজধানীর ওপর দিয়ে ঘন্টায় ৩২ কিলোমিটার বেগে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। বহু অফিস ও স্কুল বন্ধ হয়ে গেছে।
ওয়াশিংটনের রাস্তায় গণপরিবহন চলাচল অর্ধেকে নেমে এসেছে। অত্যন্ত ধীর গতিতে চলছে ব্যবসা-বাণিজ্য।
জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, ঝড়ো হাওয়ার গতি রাতে আরো বাড়তে পারে। ফলে নিউ ইংল্যান্ড ও উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রচণ্ড বাতাসের পাশাপাশি ব্যাপক তুষারপাত হতে পারে। ম্যাসাচুয়েটসের পূর্বাঞ্চলেও এ পরিস্থিতি হতে পারে।
আবহাওয়া বিভাগ সতর্কবাণী করে বলেছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র ঠান্ডা বাতাসের মধ্যে গড় তাপমাত্রা ১০ থেকে ২৫ ডিগ্রী নেমে যেতে পারে।
প্রচন্ড শীত ও প্রবল তুষারপাতের কারণে মঙ্গলবার প্রায় ৩ হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ইঞ্চি এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ ইঞ্চি পুরু বরফ জমেছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার মধ্য আটলান্টিক থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড পর্যন্ত ৬ থেকে ১২ ইঞ্চি পুরু বরফ জমার সতর্কবাণী করেছে।
জাতীয় রেল কোম্পানি অ্যামট্রাক জানায়, বুধবার ওয়াশিংটন ও বোস্টনের মধ্যকার করিডোর লাইন দিয়ে নতুন সিডিউলে ট্রেন চালাবে।
নিউইয়র্কে ঝড়ো হাওয়ার সতর্কতা বুধবার স্থানীয় সময় সন্ধা ৬ টায় কার্যকর হবে। এ সময় শহরে এক ফুট বরফ জমার সতর্কতা জারি করা হয়েছে।
সিএনএন’র খবরে বলা হয়, নিউ ইয়র্ক, নিউজার্সি ও দেলাওয়ারে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের জরুরী প্রয়োজন ছাড়া গাড়ি বের না করতে অনুরোধ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকদেরকে তাদের সন্তানদের বাড়িতেই রাখার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রচণ্ড শীতে আদালতের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
[b]ঢাকা,জানুয়ারি(টাইসনিউজবিডি)// টিআই
[/b]