সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মা আনিসা ৮৬ বছর বয়সে রাজধানী দামেস্কে মারা গেছেন। প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এ খবর ঘোষণা করা হয়েছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি ও প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের বিধবা আনিসা দামেস্কের একটি হাসপাতালে মারা গেছেন।

তিনি অনেক বছর ধরেই অসুস্থ ছিলেন। ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত হওয়ার আগে চিকিৎসার জন্য তিনি প্রায়ই জার্মানি যেতেন।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের এক ধনী পরিবারের সন্তান ছিলেন আনিসা।

১৯৫৭ সালে তিনি হাফেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর জনসম্মুখে তার উপস্থিতি ছিল বিরল। তাদের পাঁচ সন্তানের মধ্যে তিনজন এখনো জীবিত আছেন।

ওএফ