ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন বলেছেন, বর্ধমান বিস্ফোরণের ঘটনা সুপরিকল্পিত। এই ঘটনায় মুসলিমদের নাম জড়িয়ে এই ধর্মটিকে কলুষিত করা হচ্ছে।

কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাবেক এই সাংসদ সোমবার এ কথা বলেন।

তিনি আরও বলেন, "কেন বর্ধমানকাণ্ডকে এত হাইলাইট করা হচ্ছে৷ বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে বর্ধমানে বিস্ফোরক রেখে আসতে পারেন৷"

তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পতনের লক্ষ্যে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বর্ধমান বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে মারাত্মক অভিযোগ করলেন তৃণমুলের সাবেক সাংসদ কবীর সুমন।

তাঁর মতে কোন প্রয়োজন ছাড়াই এই ঘটনাকে অতিরঞ্জিত করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় মুসলিম সমপ্রদায়ের মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে তারও প্রতিবাদ করেন তিনি। তাঁর মতে এই ঘটনায় মুসমিলদের জড়িয়ে এই ধর্মটিকেই কলুষিত করা হচ্ছে।

দলের সাংসদ থাকা কালীন বিভিন্ন সময়ে দলের বিরোধী মন্তব্য করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হয়েছিলেন কবীর সুমন। মুখ্যমন্ত্রীর রোষানলেও পড়তে হয়েছিল তাঁকে। শেষের দিকে মমতার সঙ্গে কার্যত আদা-কাঁচকলায় সম্পর্ক ছিল সুমনের। ফলস্বরূপ এবারে লোকসভার টিকিট দেওয়া হয়নি তাঁকে।

সেজায়গায় দাঁড়িয়ে সুমনের মতো একজন বিদ্রোহী নেতা যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন তাতে কিছুটা স্বস্তিতে থাকতে পারেন মমতা।কারণ এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলগুলি ক্রমাগত রাজ্য সরকারের তুলোধনা করে চলেছে। সেজায়গায় সুমনের এই পাশে দাঁড়ানো কিছু অক্সিজেন জোগাতে পারে মূখ্যমন্ত্রীর।

 

ইআর