তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। বৃহস্পতিবার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাগত জানাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমে একান্ত বৈঠক ও পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা।
তারপর তাদের উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চট্টগ্রাম-কলম্বো সরাসরি জাহাজ চলাচলসহ ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও সিরিসেনার বৈঠক হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানা গেছে।
এমএনজে





