বসনিয়ার একটি কয়লা খনিতে শুক্রবার এক ভূমিকম্পের পর গ্যাস বিস্ফোরণে দুটি সুড়ঙ্গ ধসে পড়ে। এতে ৩৪ শ্রমিক আটকা পড়েছে।

জেনিকার রাসপোতোকি খনির ব্যবস্থাপক এসাদ সিভিক বলেন, ‘খনিতে কর্মরত ৫৬ শ্রমিকের মধ্যে ২২ জন সেখান থেকে বের হতে সক্ষম হয়েছে। ৩৪ জন এখনো খনিতে আটকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। তারা ভাল আছেন এবং উদ্ধারকারী দল আসা পর্যন্ত আটকা পড়া শ্রমিকদের নিঃশ্বাস নেয়ার মতো পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস সেখানে রয়েছে।’

তিনি আরো জানান, এ ঘটনায় দুটি সুড়ঙ্গ ধসে পড়েছে।

এর আগের এক খবরে বলা হয়েছিল, এই ঘটনায় মাত্র ৮ জন আটকা পড়েছে। বিস্ফোরণে আহত দুই শ্রমিককে জেনিকা শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় সম্প্রচার মাধ্যম বিএইচআরটি জানায়, গ্রিনিচ মান সময় ১৪৩০ টায় বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে ৫৩ কিলোমিটার উত্তরপশ্চিমে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পে আর কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ