জাপানের সেনাবাহিনী যুদ্ধে অংগ্রহণ করতে পারবে - এমন আইনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ মিছিল করেছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম জাপানের সেনাবাহিনীকে যুদ্ধে লাগানোর জন্য আইন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
রোববার বিক্ষোভ মিছিলে "যুদ্ধ আইন নয়", "বিলটি এখনই বাতিল কর" ও "আবে (শিনজো আবে) পদত্যাগ কর" বলে তারা স্লোগান দিতে থাকে।
মিছিলের আয়োজকরা বলেছেন যে টোকিওতে ওই মিছিলে এক লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তারা জাপানের আইনসভা ডায়েট ভবনের সামনের রাস্তা ব্লোক করে বসেছিলেন। এভাবে সারা দেশেই বিক্ষোভ হয়েছিল বলে জানিয়েছেন।
এই আইনের ফলে সংবিধানের যুদ্ধ ঘোষণার আওতায় জাপানের সেনাবাহিনীর দায়িত্ব আরো বেড়ে যাবে।
গত জুলাই মাসে আইনসভার নিম্ন কক্ষে বিলটি পাস হয়। এটি সেল্ফ ডিফেন্স ফোর্স বা সেনাবাহিনীও সমর্থন করেছে। এর ফলে জাপানকে আক্রমণ না করলেও তার কোনো মিত্র দেশকে আক্রমণ করলে দেশটি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে।
বর্তমানে বিলটি নিয়ে উচ্চ কক্ষে বিতর্ক চলছে এবং আশা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে বিলটি পাস হয়ে আইনে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার সমর্থকরা বলছেন যে বিশ্বের নিরাপত্তা অবস্থা পরিবর্তিত হওয়ায় এই বিলটি জাপানের জন্য জরুরী।
তবে জরিপে দেখা গেছে অধিকাংশ জনগণই এই বিলের বিরোধিতা করছে এবং তারা আবে সরকারের পদত্যাগ দাবি করছে।
জেডআই





