ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন্য যুক্তরাষ্ট্রের জেলা আদালতে আবিদ রিয়াজ কোরেশি নামে একজন মুসলিমকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওয়াশিংটনের এই আইনজীবী প্রথম মুসলিম-আমেরিকান হিসেবে ফেডারেল কোর্টের বিচারক হিসেবে এ নিয়োগ পেলেন।
কোরেশী ওয়াশিংটনে ল্যাথাম ও ওয়াটকিনস্ এলএলপি’র একজন অংশীদার যেখানে তিনি স্বল্প আয়ের ক্লায়েন্টের জন্য গঠিত কমিটির ‘গ্লোবাল চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফলস ক্লেইম এক্ট বিষয়ে, বিশেষকরে স্বাস্থ্যসেবায় জালিয়াতি এবং নিরাপত্তা লঙ্ঘন আইনে বিশেষ পারদর্শী।
তিনি ১৯৯৭ সালে হার্ভার্ড ‘ল’ স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন এবং ১৯৯৩ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ওবামা এক বিবৃতিতে বলেন, ‘আমি নিশ্চিত কোরেশী আমেরিকার নাগরিকদের যথাযথ সেবা দিতে পারবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তা ও সততার পরিচয় দিবেন।’
কোরেশীর এই মনোনয়নের খবরে দেশটির মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ বেশ উল্লাসিত। তারা বলছেন, প্রথম মুসলিম-আমেরিকান ফেডারেল বিচারক হিসেবে তার নিয়োগে এখানকার মুসলিমরা উপকৃত হবেন।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘কোরেশী সকল আমেরিকান নাগরিক এবং জাতির সেবার পাশাপাশি এখানকার হাজার হাজার মুসলমানদের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে আশা করছি।’
তিনি বলেন, ‘ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন্য যুক্তরাষ্ট্রের জেলা কোর্টে আবিদ কোরেশির মনোনয়নে একটি আসন পূরণ হল। এখানে তার অন্তর্ভুক্তিতে আমেরিকান মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি আমেরিকানদের মধ্যে যারা বৈচিত্র্য এবং পারস্পরিক শ্রদ্ধাকে মূল্য দেয় তারা এই নিয়োগকে স্বাগত জানিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এমন এক সময়ে এই নিয়োগ দেয়া হলো যখন দেশটিতে কিছু মানুষ বিভাজন এবং অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে।’
মুসলিম এডভোকেসি গ্রুপের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেন, ‘কোরেশী সত্যি একজন ব্যতিক্রমী বিচারক হবেন।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইনের শাসন ও ন্যয় বিচার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি। তার অন্তর্ভুক্তি আমেরিকান মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি ছিল।’ সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এফএফ





