যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ কৌশলগত দিক দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। শনিবার বিকালে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক’শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মজীনা বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব উভয় দেশের মানুষের জন্য সুফল বয়ে এনেছে। এ সম্পর্ক দুই দেশের জনগণের বন্ধুত্ব আরো দৃঢ় করবে।
আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেড়েছে এবং এটি এখন দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে।
কর্তমান সময়ে মজীনা দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চারটি সুপারিশ উপস্থাপন করেন। এগুলো হলো- সোলার পাওয়ার ন্যানো গ্রিডস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেমি কনডাক্টর প্রোডাকশন উন্নয়ন এবং উদীয়মান তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ।
রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তিনি আর মাত্র এক সপ্তাহ অবস্থান করবেন। তার ৩৩ বছরের পররাষ্ট্র বিষয়ক কর্মজীবনের বিভিন্ন স্মৃতিগুলো তুলে ধরেন তিনি।
বৈঠকের আলোচনায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী আমির খসরু মাহমুদ, প্রাক্তন মন্ত্রী জি এম কাদের, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা সি এম সফি সামি, প্রাক্তন মন্ত্রী হাফিজ উদ্দিন, প্রাক্তন রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।
এমকে





