বহুল আলোচিত পানামা পেপার কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ। 

বৃহস্পতিবার পাকিস্তানের একটি দুর্নীতিবিরোধী আদালতে নওয়াজ শরিফ ও তার কন্যার বিরুদ্ধে লন্ডনের সম্পত্তির মালিকানা নিয়ে অভিযোগ গঠন করা হয়। আর এর মাধ্যমে নওয়াজ শরিফের সাজা হয়ে যেতে পারে। খবর আল জাজিরার।

৬৭ বছর বয়সী শরিফকে গত জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে জ্ঞাত-আয় বহর্ভিূত হিসাব দেয়ার অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু তিনি তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নির্বাহী দায়িত্বে রয়ে গেছেন।

পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নওয়াজের সাথে তার কন্যা মরিয়ম ও জামাতা মুহাম্মদ সফদারকেও এক অপরাধে দোষী সাব্যস্ত করে।

এদিকে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, আজ দোষী সাব্যস্ত করার পর এক বিবৃতিতে নওয়াজ পরিবারের পক্ষ থেকে এ দোষ অস্বীকার করা হয়েছে।

নওয়াজ শরিফ বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

আজ তাদের তিনজনের পক্ষ থেকে অভিযোগ গঠন বাতিল করার জন্য পৃথক তিনটি আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করে দেন।

আজই আরো দুটি অভিযোগের ভিত্তিতে শরিফ এবং তার দুই ছেলে হাসান ও হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তিনটি দুর্নীতিতে জড়িত থাকা সংক্রান্ত রেফারেন্সের শুনানিতে জাতীয় জবাবদিহিতাবিষয়ক ব্যুরোর (এনএবি) আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এটাই ছিল এ আদালতে নওয়াজ শরীফের প্রথম হাজিরা।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ের পর পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশটির সুপ্রিম কোর্ট ২৮ জুলাই শুক্রবার এক রায়ে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করার পর তিনি পদত্যাগ করেন।

রায়ে নওয়াজ শরিফের পাশাপাশি অর্থমন্ত্রী ইসহাক দারকেও তার পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার কিছু সময় পর প্রধানমন্ত্রীর দফতর থেকে এক নোটিশে বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ।

২০১৬ সালের ৩ এপ্রিল পানামাভিত্তিক আইনি সেবাপ্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশ করে। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত ‘পানামা পেপারস’।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নওয়াজ শরিফ (৬৭) ও তার পরিবারের সদস্যরা বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ ওঠে।

এরপর বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের পক্ষ থেকে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরই একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেন দেশটির সুপ্রিম কোর্ট।

গত এপ্রিল মাসে বিরোধী দলগুলোর এসংক্রান্ত মামলায় বিভক্ত রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে তিনজন নওয়াজের পক্ষে এবং দুইজন তার বিরুদ্ধে রায় দেন। সংখ্যাগরিষ্ঠ বিচারক পক্ষে অবস্থান নেয়ায় পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগ থেকে সাময়িক নিষ্কৃতি পান নওয়াজ

। পাঁচ বিচারপতি আসিফ সায়িদ খোসা, গুলজার আহমেদ, এজাজ আফজাল খান, আজমত সায়িদ ও ইজাজুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। তাদের মধ্যে বিচারপতি খোসা ও গুলজার নওয়াজ শরিফের বিরুদ্ধে রুল জারি করেন।

বাকি তিন বিচারপতি যৌথ তদন্ত দল গঠনের পক্ষে রায় দেন। আর সেই দলের তদন্তের পর এবার নতুন রায় ঘোষিত হয় নওয়াজের বিরুদ্ধে।

এমএ