তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যাকারী পুলিশ সদস্য মেভলুত মার্ত আলতিনতাস প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের নিরাপত্তা রক্ষার দায়িত্বও পালন করেছেন। তুরস্কের মিডিয়া এ খবর প্রকাশ করেছে।
হুরিয়াত ডেইলি জানিয়েছে, ওই পুলিশ সদস্য ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টার পর প্রেসিডেন্ট তাইয়্যেপের নিরাপত্তায় আটবার দায়িত্ব পালন করেছেন।
আলতিনতাস নামের ২২ বছরের ওই পুলিশ অফিসার বুধবার একটি আর্ট প্রদর্শনীতে রুশ রাষ্ট্রদূতকে ৯টি গুলি করে হত্যা করেন। পরে তুর্কি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
হুরিয়াত জানায়, আটটি ইভেন্টে ওই পুলিশ এরদোগানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন এরদোগানের নিরাপত্তাব্যবস্থার দ্বিতীয় স্তরে তথা প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষীদের পরই ছিল তার অবস্থান।
তুরস্ক সরকার মনে করছে, রুশ রাষ্ট্রদূত হত্যার পেছনে ১৫ জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থান পরিচালনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফেতুল্লাহ গুলেনের মদত রয়েছে।
হুরিয়াতে বলা হয়, ১৫ জুলাইয়ের অভ্যুত্থানের সময় ওই পুলিশ অসুস্থ ছিলেন বলে পরে জানিয়েছিলেন। এখন বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করা হচ্ছে।(সূত্র-মিডলইস্ট আই)
এমবি





