তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। তার এ সফরে আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে প্রথমে একান্তে ও পরে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হবে।

সম্ভাব্য চুক্তি ও এমওইউ স্বাক্ষরের মধ্যে রয়েছে- দু’দেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতা, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচল, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, দু’দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, দু’দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা প্রভৃতি।

এ ছাড়াও দু’দেশের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে এবং বাংলাদেশের বিস ও শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের মধ্যে চুক্তি ও এমওইউ স্মারক, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের (এসএলএসআই) মধ্যে সহযোগিতা, দু’দেশের সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইনস্টিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আজ (শুক্রবার) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনা করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এরপর তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এমএনজে