যুক্তরাষ্ট্রের একটি ভূগর্ভস্থ পারমাণবিক বর্জ্য কেন্দ্রে অগ্নিকান্ডের পর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে তেজস্ক্রিয় পদার্থের কাছে কোন আগুন লাগেনি।
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের (ডিওই) এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ মেক্সিকোর কার্লসবাডের কাছে বর্জ্য পৃথকীকরণ পাইলট কেন্দ্রে (ডব্লিউআইপিপি) বুধবার স্থানীয় সময় বেলা ১১ টায় লবণবাহী একটি গাড়িতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।
পারমাণবিক অস্ত্র তৈরির পর উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য সুবিন্যস্ত করতে এই কেন্দ্র ব্যবহার করা হয়।
ডিওআই জানায়, আগুন ধরার পর ভূগর্ভস্থ সব কর্মীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এবং আগুনের কাছাকাছি কোন তেজস্ক্রিয় বর্জ্য নেই।
অগ্নিকান্ডের পর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বর্জ্য কেন্দ্রে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে অনেকে শ্বাস-প্রশ্বাসে কষ্ট অনুভব করেন। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। তবে কয়েক ঘন্টা পর তাদের সবাইকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয় বলে খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আবারো নিরাপদে ওই কেন্দ্রে প্রবেশের পরিকল্পনা করছেন বলেও বিবৃতিতে বলা হয়েছে। মার্কিন খনি নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসন অনুমোদন দিলেই এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। তবে কখন নাগাদ সেখানে প্রবেশের চেষ্টা করা হবে তা নির্দিষ্ট নয়।
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই