ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতের আলোচিত সাংবাদিক-সম্পাদক তরুণ তেজপালের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এ জামিন আবেদন মঞ্জুর করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের জনপ্রিয় তেহেলকা ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক তেজপালের বিরুদ্ধে সহকর্মী নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আট মাস আগে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য গত মে মাস থেকে তিনি অভ্যন্তরীণ জামিনে ছিলেন।
মামলার প্রমাণ ও আলামত নষ্ট বা প্রভাবিত করবেন না এবং সাক্ষীদের উপর কোন প্রভাব খাটাবেন না এই শর্তে আদালত তাকে জামিন দিয়েছে। একই সাথে আগামী আট মাসের মধ্যে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর আগে মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে গত ১৯ মে তিন সপ্তাহের জন্যে তাকে অভ্যন্তরীণ জামিন দেয় আদালত। এরপর জামিনের মেয়াদ বাড়িয়ে প্রথমে ২৭ জুন, এরপর ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।
গত বছরের ৩০ নভেম্বর গোয়ার একটি হোটেলে এক অনুষ্ঠানের ফাঁকে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠে ৫০ বছর বয়সী তেজপালের বিরুদ্ধে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





