মঙ্গলবার (১৫ জুলাই) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, এই যুদ্ধ আমার নয়, বাইডেনের। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করতে। এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়।

রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেনে হামলা না থামালে নতুন বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও জানান, দুই মাস আগে একটি শান্তি চুক্তির আশা করেছিলেন, কিন্তু তা হয়নি।

বৈঠকে ঘোষণা দেওয়া হয়, ন্যাটো আমেরিকা থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে, যার মধ্যে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।

অস্ত্র সহায়তায় জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু পুতিন হামলা অব্যাহত রাখায় তিনি হতাশ হন।

ট্রাম্প বলেন, “আমি বাড়ি গিয়ে মেলানিয়াকে বলি— ‘পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে।’ ও বলে— ‘সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল।’”

শেষে ট্রাম্প মন্তব্য করেন, “আমি বলছি না পুতিন খুনী, তবে তিনি কঠোর একজন মানুষ।”

এনএইচ