চীনে সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সাবেক প্রধানকে বুধবার দুর্নীতির দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ৬ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার দুর্নীতির কারণে দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু শহরের একটি আদালত বাইয়ুন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল কর্পোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার ঝাং সিনহুয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সংস্থা জানায়, ঝাংয়ের বিরুদ্ধে ২০০৩ সাল থেকে কোম্পানীর ২৮০ মিলিয়নেরও বেশি ইউয়ান তছরুফের অভিযোগ ছিল। এছাড়া তিনি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার বিনিময়ে ৯৫ মিলিয়ন ইয়ান ঘুষ গ্রহণ করেন বলেও সংস্থার খবরে উল্লেখ করা হয়।

বিশ্বের অধিকাংশ মৃত্যুদন্ডের ঘটনা চীনেই ঘটে থাকে। কিন্তু মানবাধিকার গ্রুপগুলো বলছে, দেশটিতে শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তাকে সর্বোচ্চ সাজা দেয়ার ঘটনা খুবই বিরল।

চীনে পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে ২০১১ সালে সর্বশেষ চীনা কোন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে ফাঁসি দেয়া হয়। তিনি হাংঝু শহরের ভাইস মেয়র জু মাইয়ং। ক্ষমতার অপব্যবহার, ১৯৮ মিলিয়ন ইউয়ান আত্মসাতের অভিযোগে তাকে ফাঁসি দেয়া হয়।

চীনে দু’বছর আগে শি জিনপিং ক্ষমতায় আসার পর কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।

এমএ