চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য ভারতকে সর্বদা প্রস্তুত থাকতে বললেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। গতকাল বুধবার তিনি এমন মন্তব্য করেন।
ভুটানের ডোকালাম সীমান্তে প্রায় আড়াই মাস ধরে চলা ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির প্রসঙ্গে বিপিন রাওয়াত বলেন, ভারতের উত্তর সীমান্তে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরো জটিল হতে পারে। আগামী দিনে সীমান্তে ছোট ছোট সংঘাত যে ক্রমেই বড় আকার ধারণ করবে না, তার কোনো গ্যারান্টি নেই।
সেই লড়াই শুধু যে স্থান, কাল ও বিশেষের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটাও জোর দিয়ে বলা যায় না। সীমান্তজুড়ে যুদ্ধ বাঁধতেও পারে। আর সেই সুযোগ তুলতে পারে পাকিস্তান। ফলে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন সেনাবাহিনীকে।
একদিন আগেই ভারত-চীন সম্পর্ক নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে একমতে পৌঁছেছেন দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিং। এর মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের এমন মন্তব্য এলো।
ভারতীয় সেনাপ্রধান বলেন, ভারতের সঙ্গে দ্বি-মুখী (চীন ও পাকিস্তান) যুদ্ধে জিততে গেলে ভারতের তিন বাহিনীকেই (স্থল, নৌ ও বিমান) শক্তিশালী হতে হবে।
বিপিন রাওয়াত আরো বলেন, চীনকে হালকা করে দেখার কোনো কারণ নেই। চীনের সেনারা এরই মধ্যে উত্তর সীমান্তে নিজেদের পেশিশক্তি দেখাতে শুরু করেছে। এক এক করে এলাকা দখল করতে চাইছে। তাঁরা ভারতের সহ্যক্ষমতা পরীক্ষা করছে। ফলে ভারতীয় সেনাদের যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত।
পাকিস্তান প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তানের সঙ্গে সমঝোতা করার কোনো প্রশ্নই নেই। কারণ তাদের সামরিক, রাজনীতি এবং সে দেশের বাসিন্দাদের বোঝানো হয়েছে ভারত হলো তাদের প্রতিপক্ষ। ফলে ভারত দেশের উত্তর প্রান্তে কোনো কারণে যুদ্ধে জড়িয়ে পড়লে তার সুযোগ নিয়ে পশ্চিমে হামলা চালানো হতে পারে। তাই দুটি ক্ষেত্রেই ভারতের প্রস্তুত থাকতে হবে।
এমএ





