তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন।

আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে তারা আলোচনা করেছেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন এ ফোনালাপ করা হলো।

এতে আরো বলা হয়েছে, তুরস্ক এবং আমেরিকার কৌশলগত অংশিদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর কথাও তারা বলেছেন।

এদিকে, হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে আমেরিকা ও তুরস্কের অভিন্ন প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প।

চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে তারা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে।

সিরিয়ার কুর্দিদের প্রতি ওয়াশিংটনের সমর্থনকে কেন্দ্র করে ন্যাটো মিত্র দেশ দু’টির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। আঙ্কারা সিরিয়ার কুর্দিদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে থাকে।

এমবি