একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে সন্ধ্যা নামতেই ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। আর তাতে আতঙ্কের মাত্রাটা অনেকখানিই বেড়ে যায়। ভূমিকম্পের প্রভাবে বেহালায় মেট্রোরেল ব্রিজে দেখা দিয়েছে ফাটল।

বুধবারের ভূমিকম্প ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের স্মৃতি মনে করিয়ে দেয়। মিয়ানমারের উত্তর-পশ্চিম দিক ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। কম্পনের প্রভাব পড়ে উত্তর ভারতেও।

ভূমিকম্পে জলপাইগুড়িতে আহত হয়েছে তিনজন। বাড়ি থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়েই ওই তিনজন আহত হয়। তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৯। ভূমিম্পের কেন্দ্রস্থল ভারত-মায়ানমার সীমান্তে ১৩৫ কিলোমিটার গভীরে। কলকাতার পাশাপাশি, কম্পন অনুভূত হয়েছে মালদা, কোচবিহার, জলপাইগুড়িসহ উত্তরবঙ্গে।

অন্যদিকে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়। কেঁপে উঠে দিল্লি, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশসহ উত্তর ভারতের বেশকিছু রাজ্যও।

গত জানুয়ারিতেই কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর এতে বড় ক্ষয়ক্ষতি হয় মণিপুরে।

এমবি