ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অবস্থিত তাদের দু’টি সামরিক ঘাঁটি বাদে বাকি সব ঘাঁটি আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, হেলমান্দে ব্রিটিশ সামরিক ঘাঁটি বন্ধ করে এগুলো হস্তান্তর করা থেকে নিরাপত্তা রক্ষায় আফগান নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর হেলমান্দে ব্রিটেনের ১৩৭টি সামরিক ঘাঁটি ছিল।
হেলমান্দে ব্রিটিশ সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেমস ওয়েডহাম বলেছেন, তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য এসব ঘাঁটি ব্যবহারের প্রয়োজনীয়তা এখন আর আমাদের নেই। তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠায় আফগান নিরাপত্তা বাহিনীর সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।
এর আগে গত ৬ অক্টোবর  আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে মোতায়েন জার্মান সেনাবাহিনী সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করেছিল। গত এক বছরে প্রায় ৮০ হাজার বিদেশি সেনা আফগানিস্তান ত্যাগ করেছে।  সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই