জগদ্বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর চুরি হওয়া একটি চিত্রকর্ম ফ্রান্সকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। ১৪ বছর আগে প্যারিসের একটি জাদুঘর থেকে এটি চুরি হয়েছিল।
স্পেনের বিদগ্ধ চিক্রকর পিকাসোর চুরি হওয়া চিত্রকর্মটির নাম ‘দ্য হেয়ারড্রেসার’। ১৯১১ সালে আঁকা এই তেলচিত্রের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
২০১৪ সালে বেলজিয়াম থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মালবাহী জাহাজে অন্যান্য মালপত্রের সঙ্গে এটি পাঠানো হয়। তখন বন্দর কর্তৃপক্ষ এটি শনাক্ত করে। হস্তশিল্প হিসেবে দেখানো হয় এটি। যার মোড়কের লেবেলে এর মূল্য লেখা ছিল মাত্র ৩৭ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অভিবাসন ও কাস্টম কর্মকর্তারা দেশটিতে অবস্থিত ফ্রান্সের দূতাবাসে ফরাসি রাষ্ট্রদূতের কাছে এটি হস্তান্তর করে। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সারা সালদানা নামে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা খুবই অনন্দিত। সারা বিশ্বের মানুষ আবারও এটি দেখতে পাবে।’
১৯৯৮ সালে জার্মানির মিউনিখে একটি প্রদর্শনীতে শেষবারের মতো চিত্রকর্মীটি দেখা যায়। পরে এটি ফ্রান্সেকে ফেরত দেওয়া হয়। কিন্তু ২০০১ সালে পিকাসোর মূল্যবান এই চিত্রকর্ম চুরি হয়ে যায়। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
কেএইচ





