ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আরো দু’টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দক্ষিণাঞ্চলীয় নগরী বুশেহেরে এ দুই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন তিনি।

বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রুহানি।

ড. হাসান রুহানি বলেন, অন্যান্য দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের থেকে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের তফাৎ রয়েছে কারণ এটি হলো ইরানি জনগণের প্রতিরোধের প্রতীক। এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও চালু করার মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে, কোনো লক্ষ্য অর্জনে যদি জাতির ইচ্ছা থাকে, তবে জাতি সে অনুযায়ী কাজ করবে এবং তার অধিকার রক্ষা ও লক্ষ্য অর্জনে রুখে দাঁড়াবে।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরান পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায়- তারই উদাহরণ হয়ে উঠেছে এ কেন্দ্র।

বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং বাড়তি আরো ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এ কেন্দ্রের আছে। রেডিও তেহরান

ইআর