অব্যাহত চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। এদিকে সেনা সদস্যরা রাজধানীর প্রধান স্কয়ার ও টিভি স্টেশন থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। এ সময় সেনা সদস্যদের ছোড়া গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। খবর বিবিসির।
সেনাশাসন প্রত্যাহারে জাতিসংঘের আহ্বান ও দেশটির বিরোধী দলগুলোর সেনাশাসন বিরোধী অবস্থানের পর রবিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সেনাবাহিনী।
আলোচনা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব বিরোধী দলের সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
ফ্রেঞ্চ ভাষায় দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতা নেওয়া আমাদের উদ্দেশ্য নয়, জাতির বৃহত্তর স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।
বিবৃতিতে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় সেনা সদস্যদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
রাজধানী ওয়াগাদৌগুর প্রধান স্কয়ার ও টেলিভিশন ভবনটির সামনে থেকে রবিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় সেনা সদস্যরা। এই বিক্ষোভে বিরোধী দলের নেতা সরন সিরেমে ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী কোয়ামি লগু উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটিতে ২৭ বছর শাসন করা প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরে গত বৃহস্পতিবার জনবিক্ষোভের মুখে পদত্যাগ করেন। এরপর সেনাবাহিনী দেশটির শাসনভার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়।
লেফটেন্যান্ট কর্নেল ইসাক জিদাকে শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই দেশটির জনগণসহ বিরোধী দলগুলো এর কঠোর প্রতিবাদ জানায়।
জাতিসংঘের পক্ষ থেকেও এর নিন্দা ও সেনাশাসন অব্যাহত রাখলে অবেরাধ আরোপের হুমকি দেওয়া হয়।
ইআর





