সন্ত্রাসী কর্মাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে মিশরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে,  হামাস সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করে না। একই সাথে মিশরের শীর্ষ সরকারি কৌঁসুলি হত্যাকাণ্ডের সঙ্গে হামাসের জড়িত থাকার বিষয়ে কায়রো যে অভিযোগ করেছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মিশরের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে তারা যেন হামাসকে না জাড়ায়। হামাস মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কায়রো ও হামাসের মধ্যকার সর্ম্পকোন্নয়নে ভূমিকা রাখবে না। 

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফ্ফার কায়রোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০১৫ সালের জুন মাসের শেষ দিকে মিশরের সাবেক সরকারি কৌঁসুলি হিশাম বারাকাতকে দেশটির নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানুল মুসলিমিন এবং গাজার হামাস গাড়ি বোমা হামলার মাধ্যমে হত্যা করেছে। এ জন্য হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

এ সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে হামাস ওই অভিযোগ নাকচ করেছে। মিশরের ইখওয়ানুল মুসলিমিনও স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ নাকচ করে দিয়েছে।

এসটি