পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন থেকে বৃহস্পতিবারের মধ্যে অবস্থান কর্মসূচি তুলে নিতে সরকার বিরোধীদের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এবং ড. তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামি তেহরিক বা পিএটি’র নেতা-কর্মীরা গত ১৯ আগস্ট থেকে এ কর্মসূচি পালন করে আসছেন। যে সড়কে অবস্থান কর্মসূচি চলছে সেই রাস্তা দিয়েই পাকিস্তানের জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট ভবনে যেতে হয়।

পিটিআই এবং পিএটি’র এ কর্মসূচির বিরুদ্ধে পাকিস্তানের বার এসোসিয়েশনের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানিতে এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। রিট আবেদনকারীরা বলেছেন, অবস্থান কর্মসূচির কারণে নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে।

পাকিস্তানের সংবিধানের ১৫ ও ১৬ নং ধারায় চলাফেরার স্বাধীনতা এবং সমাবেশ করার অধিকারের কথা বলা হয়েছে।

শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল সালমান বাট একটি প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয় ড. তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামি তেহরিক বা পিএটি'র নেতা-কর্মীরা পথ ছেড়ে দিতে প্রস্তুত নয়।

এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম কিছু ছাড় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দল দুটি বলেছে দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে নওয়াজ শরীফ সরকারকে কিছু ছাড় দিতে হবে।

অন্যদিকে, পিটিআই সদস্যদের ৩৪ জনের মধ্যে ৩১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসন শূন্য ঘোষণা করা হচ্ছে না এখনই; পিটিআই সংসদ সদস্যদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে বুধবার ও বৃহস্পতিবার কথা বলবেন। তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।: ডন, আইআরআইবি

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই