টাইফুনের কবলে পড়ে দূরবর্তী সঙ্কেত পাঠানোর পরে ৪৩ জন ক্রু এবং ছয় হাজার গরু বোঝাই একটি কার্গো জাহাজ জাপান সাগরে ডুবে গেছে। জাপানের কোস্ট গার্ডের উদ্ধার করা এক ব্যক্তি এ কথা জানিয়েছে।
বুধবার ভোরে জাপানের আমামি ওসিমা দ্বীপের ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) পশ্চিমে গালফ লাইভস্টক ১ জাহাজটির অবস্থান থেকে সতর্ক বার্তা পাঠায়।
কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, উদ্ধার হওয়া এই ক্রু জানান জাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং প্রবল ঢেউয়ে জাহাজটি উল্টে যায়।
জাহাজটি কখন এবং কোথায় ডুবেছে এ বিষয় বিস্তারিত জানা যায়নি। তবে এই ব্যক্তি বলেছেন, উদ্ধারের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় তিনি অপর কোনো ক্রুকে দেখেননি।
কোস্ট গার্ডের তিনটি জাহাজ পাঁচটি বিমান এবং বিশেষ প্রশিক্ষিত ডুবুরি নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ডুবে যাওয়া জাহাজটিতে ফিলিপাইনের ৩৯ জন, নিউজিল্যান্ডের দু’জন এবং অস্ট্রেলিয়ার দু’জন ক্রু ছিলেন। জাহাজটিতে এ সময় পাঁচ হাজার আট শ’ গরু বোঝাই ছিল।
এমআর





