শেষ হলো আরেকটি ‘সুপার টুয়েস ডে’ প্রাইমারি। মঙ্গলবার (১৫ মার্চ) একসঙ্গে ৫টি রাজ্যে অনুষ্ঠিত হয় ডেমোক্রাট ও রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের এই ভোট। যাকে অভিহিত করা হয় প্রাইমারি নামে। এই প্রাইমারির মধ্যে দিয়েই ডেমোক্রাট ও রিপাবলিকান সমর্থকরা বেছে নেন তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে।
মিসৌরি, ইলিনয়, ওহাইয়ো, নর্থ ক্যারোলিনার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় এই প্রাইমারি।
অনেক আগেই ডেমোক্রাট রেস পরিণত হয়েছে দুই ঘোড়ার লড়াইয়ে। তবে জনমত জরিপ, সমর্থকদের সমর্থন এবং মনোনয়ন লাভে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ডেলিগেট সমর্থনের ভিত্তিতে এই মুহূর্তে রেসের মাঠে সবচেয়ে তেজী ঘোড়া হিলারি ক্লিনটন।
ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করতে প্রার্থীকে কমপক্ষে ২ হাজার ৩৮৩টি ডেলিগেট ভোট নিশ্চিত করতে হবে।
সুপার টুয়েস ডে শেষে হিলারির ঝুলিতে এখন ১০৯৪টি ডেলিগেট ভোট। এছাড়া সুপার ডেলিগেটদের সিংহভাগ সমর্থনও (৪৬৭) রয়েছে তার পেছনে। অপরদিকে প্রায় অর্ধেক ব্যবধানে পিছিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্সের রয়েছে ৭৭৪ জন ডেলিগেটের সমর্থন। এছাড়া সুপার ডেলিগেটদের মধ্যে মাত্র ২৬ জনের সমর্থন করছেন তাকে।
তাই বলা যায়, বড় ধরনের কোনো আপসেট না হলে হিলারিই হতে যাচ্ছেন নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী।
এদিকে হিলারির মত একচেটিয়াভাবে না হলেও ডেলিগেট সমর্থ প্রাপ্তির দিক থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে মার্কিন রাজনীতির সবচেয়ে বৈচিত্র্যময় চরিত্র ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিক দলের মনোনয়ন নিশ্চিত করতে একজন প্রার্থীকে পেতে হবে ১২৩৭টি ডেলিগেট ভোট। এর মধ্যে ট্রাম্পের ঝুলিতে রয়েছে ৬২১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টেড ক্রুজের ৩৯৫টি, মার্কো রুবিওর ১৬৮টি এবং ওহাইয়োর গভর্নর জন ক্যাসিচের ঝুলিতে রয়েছে ১৩৮টি ডেলিগেট ভোট।
ফ্লোরিডার ভোটে হেরে ইতোমধ্যেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুবিও। তবে তারপরও বাকি যেসব রাজ্যে প্রাইমারি রয়েছে তাতে অসাধারণ ভালো ফল লাভ করতে না পারলেই হয়তো ট্রাম্পকে ঠেকিতে দিতে পারবেন টেড ক্রুজ।
ওএফ





