ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে গেরিলারা। এতে ভারতীয় ৮ সেনা ও ৩ পুলিশ নিহত হয়েছে। এ ছাড়া, হামলাকারী ৬ জন গেরিলাও নিহত হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির। নিহতদের মধ্যে এক সেনা অফিসারও রয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক লেফটেনেন্ট কর্নেল ও পুলিশের একজন সাব-ইন্সপেক্টরও রয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে যখন স্থানীয় নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে তখন এ হামলার ঘটনা ঘটলো। সেনা কর্মকর্তারা একে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন। কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেনা ক্যাম্পের ফিল্ড আর্টিলারি ইউনিটে এ হামলা হয়। ধারণা করা হচ্ছে- একজন গেরিলা ক্যাম্পের ভেতরে এখনো রয়েছে এবং মারাত্মক আহত এক পুলিশকে হেলিকপ্টারে করে রাজধানী শ্রীনগরের সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর সফর করবেন। তার এ সফর ও স্থানীয় নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য রাজ্যে হাজার হাজার বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
উরি ক্যাম্প হচ্ছে রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এবং সোমবার নরেন্দ্র মোদি সেখানে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। মোদির দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কাশ্মির সংসদের নিয়ন্ত্রণ নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মিরে এখনো তা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
এমএ





