ট্রাম্পের দাবি, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে। বুধবার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি, তবে আলোচনার বড় অংশ ছিল বাণিজ্য।”

তিনি আরও জানান, আলোচনায় জ্বালানির বিষয়ও এসেছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে। ট্রাম্প বলেন, “তিনি (মোদি) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।”

বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশ হলো ভারত ও চীন।

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবং নয়াদিল্লিকে রাশিয়া থেকে তেল কেনা থেকে নিরুৎসাহিত করতে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর শুল্কও আরোপ করেছেন তিনি।

দু’দিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতীয় পণ্যের ওপর “বিপুল পরিমাণ শুল্ক” আরোপ করা হবে। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ডিসকাউন্টে রাশিয়ার তেল কিনে আসছে।

চলতি বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় টেক্সটাইল, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন রপ্তানিপণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। ট্রাম্প জানিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তবে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়ানো হতে পারে।

এনএইচ